শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০১১

‘তোমরা কম সম্পদ ও অধিক সন্তান হতে আল্লাহর কাছে পানাহ চাও’


প্রশ্ন: : তোমরা কম সম্পদ ও অধিক সন্তান হতে আল্লাহর কাছে পানাহ চাও এ হাদীছটি কি ছহীহ?

উত্তর: বর্ণনাটি যঈফ (যঈফুল জামে হা/২৬৪১; সিলসিলা যঈফাহ হা/২৫৯২)।

মানুষ মারা যাওয়ার পর ঢেকে দেওয়া হয় কেন?


প্রশ্ন: : মানুষ মারা যাওয়ার পর ঢেকে দেওয়া হয় কেন?

উত্তর: মানুষ মারা যাওয়ার পর কাপড় দিয়ে ঢেকে দেয়া সুন্নাত। রাসূল (ছা:) মারা গেলে তাঁকে একটি সূতী কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়েছিল (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১৬২০ জানাযা অধ্যায়)।

স্বামীর মৃত্যুতে স্ত্রীকে কত দিন ইদ্দত পালন করতে হবে?


প্রশ্ন : স্বামীর মৃত্যুতে স্ত্রীকে কত দিন ইদ্দত পালন করতে হবে? ইদ্দত পালনকালে সে তার পরিহিত অলংকার খুলে রাখবে কি এবং এসময়ে সে কোন আত্মীয়-স্বজনের বাড়ীতে যেতে পারবে কি? ইদ্দত পালনকালে তাকে কি স্বামীর বাড়ীতেই অবস্থান করতে হবে?

উত্তর: ইদ্দতের সময়কাল চার মাস দশ দিন। তবে গর্ভবতী থাকলে সন্তান প্রসব হওয়া পর্যন্ত (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৩২২৯-৩১; সূরা তালাক ৪; ফিক্বহুস সুন্নাহ ইদ্দত অনুচ্ছেদ)। এ সময় স্বামীর বাড়ীতে অবস্থান করবে। একান্ত যরূরী প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না। অধিক সৌন্দর্য প্রকাশক কোন পোষাক বা গহনা পরিধান করবে না। অলঙ্কার ব্যবহার করবে না। বিশেষ কারণ ব্যতীত সুগন্ধি, সুরমা, মেহেদীও ব্যবহার করবে না (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৩৩৩১; আবুদাঊদ, নাসাঈ, মিশকাত হা/৩৩৩২-৩৪)। উল্লেখ্য যে, স্বামী মৃত্যুর সাথে সাথে স্ত্রীর নাকফুল খুলে রাখার রেওয়াজ অনেকটা বাড়াবাড়ি পর্যায়ের হয়ে যায়। এটি তেমন কোন সৌন্দর্য প্রকাশক অলংকার নয়। বরং স্বাভাবিক সৌন্দর্যের মধ্যে পড়ে, যা গ্রহণীয়।

কালেমায়ে ত্বাইয়েবা কোনটি ?


প্রশ্নঃ      কালেমায়ে ত্বাইয়েবা কোনটি ? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন ।

উত্তরঃ     কালেমা ত্বাইয়েবা হচ্ছে লা-ইলাহা ইল্লাল্লাহ অর্থঃ নেই কোন উপাস্য আল্লাহ ব্যতীত । আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) বলেন , কালেমায়ে ত্বাইয়েবাহল , লা-ইলাহা ইল্লাল্লাহ (তাফসীরে কুরতুবী , তাফসীরে ইবনে কাছীর , ইবরাহিম-২৪ নং আয়াতের তাফসীর দ্রঃ) ।

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১১

তাকে পিতার বাড়ীতে জায়গা দেওয়া যাবে কি ?


প্রশ্ন : কোন বিবাহিতা মহিলা স্বামী-সন্তান ফেলে অভিভাবকের অনুমতি ব্যতীত অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ঐ মহিলা পিতার সম্পদের অংশ পাবে কি? তাকে পিতার বাড়ীতে জায়গা দেওয়া যাবে কি ?

উত্তর: তার উক্ত বিবাহ সিদ্ধ হয়নি। সে ব্যভিচারী এবং মহাপাপী। কিন্তু সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়নি। অতএব পিতার সম্পত্তি পেতে তার বাধা নেই। পিতার বাড়িতেও তার অংশ রয়েছে। তবে সে যেহেতু শরীআত বিরোধী কর্মের সাথে জড়িত হয়েছে অতএব তওবা ব্যতীত তার গোনাহ মাফ হবে না (ফুরক্বান ২৫/৬৮-৭০)।

মহিলারা নিজ বাড়ীতে ই‘তিকাফ করতে পারে কি?


প্রশ্ন : মহিলারা নিজ বাড়ীতে ইতিকাফ করতে পারে কি?

উত্তর: পুরুষ বা মহিলা কারো জন্যই জুমআ মসজিদ ছাড়া বাড়ীতে ইতিকাফ করা সিদ্ধ নয় (বাক্বারাহ্ ১৮৭; আবুদাউদ, মিশকাত হা/২১০৬ ইতিকাফ অনুচ্ছেদ)। মহিলাদের জন্য মসজিদে পৃথক জায়গা থাকলে এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকলে কোন জুমআ মসজিদে গিয়ে ইতিকাফ করতে পারবে। রাসূল (ছা:)-এর স্ত্রীগণ মসজিদে ইতিকাফ করতেন (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২০৯৭; বুখারী হা/২০৪১, ২০৪৫)।

মৃত বা জীবিত কোন ব্যক্তির নামে গরু-ছাগল ছাদাক্বা করলে দাতা উক্ত গোশত খেতে পারবে কি?


প্রশ্ন : মৃত বা জীবিত কোন ব্যক্তির নামে গরু-ছাগল ছাদাক্বা করলে দাতা উক্ত গোশত খেতে পারবে কি?

উত্তর: দাতা খেতে পারবে না। কারণ ছাদাক্বা গরীব-মিসকীনদের হক্ব। তাদের মাঝেই তা বণ্টন করে দিতে হবে (তওবা ৬০; মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১৯৫৪)।